‘এই বুড়া বয়সোত আসি পাকা বাড়িত শুতিবা পারিমো, সেইটা স্বপনেতও ভাবি নাই। কিন্তু সরকার এখন মোক পাকাবাড়ি করি দিছে। এখন মনে হচে জীবনটা স্বার্থক।’ কথাগুলো বলছিলেন দিনাজপুরের সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে খানপুর আশ্রয়ণ প্রকল্পের পাকাবাড়ি পাওয়া সোনা রানী। দিনাজপুরে গৃহহীনদের জন্য এসব পাকাবাড়ি নির্মিত পল্লির নাম দেওয়া হয়েছে ‘জয় বাংলা পল্লি’। এ পল্লিতে ঠাঁই মিলছে দিনাজপুর সদর উপজেলার ৩০০টি গৃহহীন পরিবারের। সংশ্লিষ্টরা জানালেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। তাই মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে দিনাজপুর সদর উপজেলায় সেই স্লোগানের নামকরণে ‘জয় বাংলা পল্লিতে’ ঠিকানা পাচ্ছেন ৩০০টি গৃহহীন পরিবার। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাই শেষে ৩০০টি পরিবারকে এসব বাড়ি দেওয়ার জন্য নির্বাচিত করেছে। ইতিমধ্যেই ৮০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, অবশিষ্ট বাড়ি হস্তান্তরে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। দিনাজপুরে এই বাড়িগুলোতে ভেতরে পিলার না দিয়ে বাইরে পিলার দিয়ে ঘর বানানোর ফলে প্রতিটি ঘর ১০ ইঞ্চি করে দৈর্ঘ্য-প্রস্থ বেশি হচ্ছে।
