মেসি-ত্রিনকাওয়ে বার্সার গোল উত্সব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

লা লিগায় লিওনেল মেসি ও ত্রিনকাওয়ের জোড়া গোলে ভর করে গত শনিবার দেপোর্তিভো আলাভেজকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ওদিকে প্রিমিয়ার লিগে অপ্রতিরুদ্ধ ছন্দে থাকা ইকাই গুন্দোগান ও তার দল ম্যানচেস্টার সিটির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে জোসে মরিনহোর স্পার্স। ঘরের মাঠে ৩-০ গোলের এই জয়ের পথে সিটির হয়ে জোড়া গোল করেছেন সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে সিটির ‘গোলমেশিন’ বনে যাওয়া গুন্দোগান।

ঠিক সময়েই পূর্ণ ছন্দে ফিরছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। আসছে মঙ্গলবার পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এর আগে আলাভেজের সঙ্গে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। শনিবার ঘরের মাঠে লা লিগায় ক্লাব রেকর্ড (জাভির সঙ্গে যৌথভাবে) ৫০৫তম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন। এর মধ্যে দ্বিতীয় গোলটি এসেছে আলাভেজ রক্ষণকে বোকা বানিয়ে গোললাইনের ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত এক শটে। লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেয়েছেন মেসি। তবে ন্যু ক্যাম্পে শুধু মেসি একা না, এদিনে ছন্দে ছিল পুরো বার্সাই। লা লিগায় প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া বার্সার পর্তুগিজ উইঙ্গার ত্রিনকাও দিনটিকে স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে। গোল পেয়েছেন বার্সা ফুলব্যাক জুনিয়র ফিরপোও।

প্রিমিয়ার লিগে টানা ১১তম জয়ের দেখা পেল ম্যান সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অপ্রতিরোধ্য ছন্দে থাকা আকাশী-নীল শিবিরের সামনে শনিবার দাঁড়াতেই পারেনি মরিনহোর স্পার্স। এদিন আবারও জোড়া গোল করেছেন ইকাই গুন্দোগান। সচরাচর মধ্যমাঠে খেলা গুন্দোগান তার গত ৯ লিগ ম্যাচে করেছেন ৯ গোল। নতুন বছরে লিগে তার চেয়ে বেশিবার গোলের দেখা পায়নি কেউই। গুন্দোগানের ধারাবাহিকতার ফলেই এই মৌসুমে ইনজুরির কারণে বার বার ছিটকে যাওয়া আগুয়েরোর অনুপস্থিতি সেভাবে টের পাচ্ছে না সিটিজেনরা। তবে এই জার্মান মিডফিল্ডারের গোল দেওয়ার ক্ষমতা দেখে মোটেই অবাক হচ্ছেন না সিটি ম্যানেজার পেপ গার্দিওলা, ‘আমি আগে অনেকবার বলেছি, সে স্ট্রাইকার হিসেবে খেলতে পারবে। ফলস নাইন হিসেবে খেলতে পারবে। কিন্তু মানুষ সে কথা শুনে হেসেছে।’