করোনার কারণে এক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট নেই দেশের মাটিতে। এমনকি টেস্ট সিরিজ খেলতে নামার আগেও জাতীয় দলের ক্রিকেটাররা খেলেননি কোনো লঙ্গার ভার্শন প্রস্তুতি ম্যাচ। উইকেট পড়তে ভুল হচ্ছে টিম ম্যানেজমেন্টের। প্রতিপক্ষের জন্য স্পিন উইকেটের ফাঁদ পেতে নিজেরাই নাকাল হতে হচ্ছে। হুটহাট দলে পরিবর্তন হচ্ছে। দলে পেসারদের ভিড়। কিন্তু একাদশে তারাই ব্রাত্য হয়ে পড়ছেন। দেশ সেরা, নির্ভরযোগ্য, অভিজ্ঞ ব্যাটসম্যানের তকমা নামের পাশে ঝুলছে বছরের পর বছর। কিন্তু দল যখন বিপদে তখন কথা বলছে না তাদের ব্যাট। দলকে বিপদের গিরিখাতে ফেলে ছুটছেন ড্রেসিংরুমে। অভিজ্ঞতার মূল্য চুকাচ্ছেন নবীন, আনাড়ির মতো শট খেলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের ১৭ রানে হারের পর চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পরিকল্পনাসহ টেস্ট দলের সবকিছুতেই গলদ দেখছেন তিনি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ তে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর বোর্ড সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এভাবে চলতে দেওয়া যায় না। সমস্যা স্বীকার করে নিয়েছেন তিনি। দলের এমন অধোগতির পারফরম্যান্সের জবাবদিহি চাইবেন পাপন।
গতকাল ঢাকা টেস্টে ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মাঠে বসেই এমন হতশ্রী ব্যাটিং দেখেছেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে পাপন বলেছেন, ‘সমস্যা সব জায়গায় আছে এটাতো স্বীকারই করে নিচ্ছি। দুইটা টেস্ট দেখে বুঝেছি সমস্যা তো আছেই।’ ৯ বছর পর দেশের মাটিতে টেস্টে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। যে দৃশ্য আহত করেছে বিসিবি সভাপতিকেও। সমস্যা থেকে উত্তরণের উপায় জানতে চাইলে গতকাল তিনি বলেছেন, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এভাবে চলতে দেওয়া যায় না।’
অধিনায়ক মুমিনুল ও হেড কোচ ডমিঙ্গোসহ সবার কাছে জবাব চাইবেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, ‘ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে আর আমরা কেউ নাই তো আর। অবশ্যই জবাবদিহি চাইবো সবার কাছে। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইবো।’
হাফ সেঞ্চুরির পরও শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। দলের বিপর্যয়ের সময় মুশফিক ১৪ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে এ অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়েছিলেন দৃষ্টিকটুভাবে রিভার্স সুইপ খেলতে গিয়ে। মুশফিক-তামিমদের একহাত নিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘একটা অভিজ্ঞ ব্যাটসম্যান, বোলার, আমাদের বাংলাদেশের টপ—যারা নামকরা, বিশ্বমানের তাদেরকে এখন বলে দিতে হবে টেস্টে কীভাবে ব্যাটিং করতে হবে?’
