ধামরাই প্রতিনিধি
গোপালগঞ্জে ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অবিনাশের গ্রাম টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটার সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচজনের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন অবিনাশের স্ত্রী সুতারা পোদ্দার, ভাই প্রকাশ পোদ্দার, ইউপি সদস্য দ্বিগজয় মজুমদারসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় অবিনাশ। নিখোঁজের ১২ দিন পর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অবিনাশের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।
