বিরলে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০৬

স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরেরর বিরলে ভাণ্ডারা ইউপি’র ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দিলিপ চন্দ্র সরকারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত কুড়ানু চন্দ্র সরকারের পুত্র।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভাণ্ডারা ইউনিয়নের উত্তর ভাণ্ডারা গ্রামের রেংটা ব্রিজ সংলগ্ন ময়নুল ইসলাম ডিলারের লিচু গাছে হেলান দিয়ে রাখা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস প্রদান করেছেন পুলিশ সুপার মতিয়ার রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল জানান, সংবাদ পাওয়া মাত্রই অফিসার ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধে মাদক সিন্ডিকেটের সাথে জড়িতরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দৈকতবাড়ী গ্রামের আব্দুস সোবহানের পুত্র মোশারফ হোসেনকে আটক করা হয়েছে। বিরল থানার এসআই শহিদুল ইসলাম জানান, লাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।