টিকা নিতে ক্রিকেটারদের জোর করা হবে না: পাপন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০১

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে ক্রীড়া আসরগুলো। দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পর সফলভাবে আন্তর্জাতিক দুটি সিরিজও আয়োজন করেছে বিসিবি।

বাংলাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ায় আগামী দিনগুলোতে ক্রিকেট আয়োজন আরও সহজ হবে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার (১৫ ফেব্রুয়ারি) করোনার টিকা গ্রহণ করেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুপুর ১২টায় করোনার প্রথম ডোজ নেন নাজমুল হাসান পাপন। টিকা নেওয়ার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের জানান, ‘শিগগিরই ক্রিকেটারদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। তবে টিকা গ্রহণের জন্য কাউকে জোর করা হবে না।’

পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় দলের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে টিকা প্রয়োগের ক্ষেত্রে। শুধু ক্রিকেটাররাই নন, ভ্যাকসিন পাবেন কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরাও। পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন পাবেন মাঠকর্মী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনস্থ সবাই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে বিসিবির কাছে ভ্যাকসিন গ্রহীতা ক্রিকেটারদের তালিকা চাওয়া হয়েছে।

ইত্তেফাক/এসআই