ইসরাইলি হামলা প্রতিহতের দাবি সিরীয় বাহিনীর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৭

 আলজাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের চালানো আগ্রাসী হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। গতকাল সোমবার এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় বাহিনী। তবে ইসরাইলি বিমান হামলার লক্ষ্যস্থল কোথায় ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিগত দুই মাস ধরে প্রায় নিয়মিত সিরিয়ার অভ্যন্তরে ইরানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবারও হামলা চালানো হয়। সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান উপত্যকা পেরিয়ে ইসরাইলের সামরিক বিমান রাজধানী দামেস্কের প্রান্তে হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানানো হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

সিরিয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দামেস্ক থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণের কিসওয়া শহরের সেনা অবস্থানে হামলা চালানো হয়েছে। ঐ এলাকায় ইরান-সমর্থিত সেনাদের অবস্থান রয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। সাম্প্রতিক হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের সশস্ত্র বাহিনী। তবে ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তারা স্বীকার করেছেন, সিরিয়ার অভ্যন্তরে ইরানের উপস্থিতি ঠেকাতে হামলা জোরালো করা হয়েছে।