একনেকে নেত্রকোনার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প পাসে আনন্দ মিছিল

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০৭

নেত্রকোনা প্রতিনিধি

বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে নেত্রকোনাবাসীর বহু আকাঙ্ক্ষিত বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প একনেকে পাস হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই সংবাদ জানার পরপরই নেত্রকোনায় আনন্দ মিছিল বের হয়। ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৫৭ কোটি ২১ লাখ টাকা। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা থেকে কুনিয়া, মেদনী হয়ে নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজারে গিয়ে মোহনগঞ্জ সড়ক পর্যন্ত সুনামগঞ্জ গিয়ে মিলিত হবে।

জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাইপাস সড়ক। এই দাবি পূরণে নেত্রকোনাবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।