টিকা নেওয়ার পরই রাগ কমলো পাপনের!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের উপর ক্ষিপ্ত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রিফ করতে এসে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘ক্রিকেটের প্ল্যানিং স্ট্র্যাটেজি কোনো কিছুই ঠিক ছিলো না। ক্রিকেটারদের এপ্রোচ দেখে মনে হয়নি তারা টেস্ট খেলতে নেমেছে।

টিম ম্যানেজমেন্টের ‍বিপক্ষে পাপন অভিযোগ তুলে বলেছিলেন, সাকিবের বিকল্প হিসেবে মাহমুদউল্লাহর নাম থাকলেও তাকে দলে নেয়নি টিম ম্যানেজম্যান্ট। দল হারার কারণ হিসেবে কোচ ও দলের অধিনায়কের কাছে জবাবদিহি চাওয়াসহ দলে বড় ধরনের পরিবর্তন আনারও আভাস দিয়েছিলেন বিসিবি প্রধান।

তবে আগের দিনের সব কথায় যেন রাতারাতি পাল্টে ফেললেন বিসিবি প্রধান। সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) করোনার টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘একটা কথা বলি। হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের কষ্ট হয়, আমারও কষ্ট লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন। আমার মূল্যায়ন- কালকে ছিল রাগের কথা। কিন্তু আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিছু একটা সমস্যা হয়েছে। এর একটা হল ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখেছিলাম। তবে পরাজয়ের কারণে দলের ভুলত্রুটি চোখে পড়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।’

পরাজয়েও একটি ভালো দিক দেখছেন পাপন। তার ভাষায়, ‘আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে। জিতে গেলে সব ভুলে যেতাম। আর কিছু হত না। সামনে মাইন্ডসেট ও কাজে পরিবর্তনের একটা সুযোগ হল। সেদিক থেকে আমি একদিক দিয়ে খুশি।’

টেস্ট দল নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা ও এর প্রতিফলন চান পাপন। তিনি বলেন, ‘এখনকার পরিকল্পনা দীর্ঘমেয়াদী হতে হবে। সংক্ষিপ্ত সময়ের একটা পরিকল্পনায় আমি জিতে যেতে পারি। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মত দলের আলাদা সেটআপ থাকলে বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা দল তৈরি করতে হবে।’

ইত্তেফাক/এসআই