গুজবে কান না দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিকদের করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। গতকাল সোমবার দুপুরে সদর জেনারেল হাসপাতালে নিজে করোনার টিকা গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগরবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান। মেয়র আইভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুরক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি টিকা গ্রহণের পরেও সবাইকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করার অনুরোধও জানান। এদিকে নগরীর সদর জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকালও দেখা গেছে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়।
