ডিবি পরিচয়ে ছিনতাই আটক ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নওগাঁ গোয়েন্দা পুলিশের দল রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামের মাহমুদুল হাসান নেহাল ও আবদুল মাজেদ। নওগাঁ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফেরদৌস জানান, আটককৃত নেহাল ও আবদুল মাজেদসহ আরো দুই যুবক গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোতবাজারের অদূরে ত্রিমোহনী এলাকায় আশিক নামের এক যুবকের পথরোধ করে। এরপর ডিবির পরিচয় দিয়ে হ্যান্ডকাপ লাগানোসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি অবহিত হয়ে ঘটনার অনুসন্ধান শুরু করা হয়। পরে নেহাল ও মাজেদকে আটকসহ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়েছে।