পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর জবানবন্দি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

প্রায় ৭১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত্ ও পাচারের মামলায় পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী উজ্জ্বল কুমার নন্দীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদন মঞ্জুর করে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ জানুয়ারি পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২ ফেব্রুয়ারি রাশেদুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।