ছয় মাসের ট্রেনিংয়ে নার্স রেজিস্ট্রেশনের প্রতিবাদ

কাউন্সিল ঘেরাও, বিক্ষোভ মিছিল নার্সিং শিক্ষার্থীদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৪

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্সের শিক্ষার্থীদের নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ ও নার্সিং কাউন্সিল ঘেরাও করে নার্সিংয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিজয় নগরে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সকাল ৯টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। রাত ১১টা পর্যন্ত রেজিস্টারসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা গতকালের কর্মসূচি স্থগিত করেন। 

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মামুন হাসান বলেন, ‘কারিগরি পেশেন্ট কেয়ার  টেকনোলজিস্টদের বাদ দিয়ে স্থগিতকৃতদের লাইসেন্সের পরীক্ষা নিতে হবে। এছাড়া পরিবার পরিদর্শিকাদের মিডওয়াইফারি সমমান দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। দাবি মানা না হলে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ড থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীদের নিবন্ধন পাওয়ার কোনো যোগ্যতা নেই। তার কারণ হলো—নার্সিং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পেশা। এটি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ দ্বারা পরিচালিত। নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি, ব্যাকগ্রাউন্ড, জিপিএ, বয়স, সেশন, জেলা  কোটা ও পুরুষ-মহিলা কোটা বিবেচনা করা হলেও কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এর কোনোটাই মানা হয় না। এসব কারণে কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার  টেকনোলজিস্টরা কখনোই নার্স হিসেবে লাইসেন্স দাবি করতে পারে না।’