দিল্লির কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে একজন পরিবেশকর্মীকে গ্রেপ্তারের পর তা ভারতে তীব্র ক্ষোভ-প্রতিবাদের জন্ম দিয়েছে। অনেকেই একে আখ্যায়িত করেছেন বাকস্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে। সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলছেন, এটা গণতন্ত্রের ওপর এক নজিরবিহীন আক্রমণ। ২২ বছর বয়সী পরিবেশকর্মী দিশা রাভির বিরুদ্ধে অভিযোগ, ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে গত তিন মাস ধরে বিক্ষোভরত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে একটি দলিল তৈরি এবং বিতরণ করেছেন তিনি। পুলিশ বলছে, ‘প্রটেস্ট টুলকিট’ নামে পরিচিতি পাওয়া ওই দলিলটি তৈরি এবং বিতরণের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম হচ্ছেন দিশা রাভি। পুলিশ আরো বলছে, ফ্রাইডেজ ফর ফিউচার নামে জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলনের ভারতীয় শাখার একজন প্রতিষ্ঠাতা হলেন এই দিশা রাভি এবং তিনি ওই দলিলটি সম্পাদনা করেছেন এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গের সঙ্গে তা শেয়ারও করেছেন। -বিবিসি
