বিনোদন ডেস্ক
বলিউড কিং শাহরুখের সঙ্গে এর আগে একটি সিনেমায় জুটি বাঁধলেও বক্স অফিসে মুখ থবড়ে পড়ে আলিয়া ভাটের ‘ডিয়ার জিন্দেগি’। তবে সিনেমাটি ব্যবসাসফল না হলেও এই তারকা জুটি বেশ প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতা আর দর্শক চাহিদার কথা মাথায় রেখে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। জসমিত কে রীনের পরিচালনায় ‘ডার্লিংস’ শিরোনামের এই সিনেমাটিতে শাখরুখ-আলিয়া জুটি বাঁধবেন। তবে নায়ক-নায়িকা হিসেবে এবার তাদের দেখা যাবে না। জানা গেছে, ছবিটিতে আলিয়াকে দেখা যাবে স্ক্রিনে আর শাহরুখকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। সিনেমাটিতে মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের এক মা-মেয়ের গল্প তুলে ধরা হবে। আর এই সিনেমাটি দিয়েই পরিচালনার খাতায় নাম লেখাতে যাচ্ছেন জসমিত। এর আগে তিনি ‘ফোর্স-২’, ‘ফ্যানে খান’, ‘পতি পত্নী অউরো উয়ো’ ছবির গল্প লিখে বেশ প্রশংসিত হন। সিনেমাটিতে আলিয়া ছাড়া আরো থাকছেন শেফালি শাহ, বিজয় শর্মা, রোশনের মতো বলিতারকারা।
