উদ্যোক্তাদের গাইড লাইনের জন্য ২০০ মেন্টর :প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

রফিকুল ইসলাম

 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, ভবিষ্যত্ উদ্যোক্তা সাপ্লাই চেইন এবং স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, উদ্যোক্তাদের গাইড লাইন প্রদানের জন্য ২০২৫ সালের মধ্যে দেশে ২০০ জন মেন্টর তৈরি করা হবে। আইসিটি বিভাগের উদ্যোগে ইনোভেশন ডিজাইন তৈরি করা হয়েছে। যাতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পোদ্যোক্তা সমন্বিতভাবে কাজের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ আরও ত্বরান্বিত হবে।

প্রতিমন্ত্রী গত রোববার ঢাকার আইইবি, ঢাকা সেন্টারে আয়োজিত ‘ইনোভেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্পের’ সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, চুয়েট, আইইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুনাইদ আহেমদ পলক বলেন, ইনোভেটর ও এন্টারপ্রেনিয়রদের মাধ্যমে হোম-গ্রোন সলিউশনে কাজ করছে সরকার। উদ্যোক্তাদের লোকাল এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে গ্লোবাল বিজনেস অপরচুনিটি তৈরি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের তত্ত্বাবধানে বিগত ১২ বছরে তথ্যপ্রযুক্তি খাত সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে সঠিক অবকাঠামো গড়ে ওঠার কারণে দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে অর্থনৈতিকভাবে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনলাইন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুর সবুর, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত হোসেন প্রমুখ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।