ইত্তেফাক রিপোর্ট
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের গণপ্রস্তাব (আইপিও) আবেদনে সাড়া পড়েছে। সাধারণ বিনিয়োগকারীরা তাদের বরাদ্দের তুলনায় ১০ দশমিক ৮৬ গুণ বেশি আবেদন জমা দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) এসব আবেদন পড়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই এবং সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার জন্য আইপিও আবেদন গ্রহণ করে এনআরবিসি ব্যাংক। সর্বমোট ১২০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন পদ্ধতিতে ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন সংগ্রহ করা হয়।
সূত্র জানায়, সর্বমোট ১২০ কোটি টাকা শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে ৬০ শতাংশ বা ৭২ কোটি টাকা। বাকি ৪০ শতাংশ শেয়ার পাবেন উপযুক্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, দীর্ঘ এক যুগ পর কোনো ব্যাংক বাজারের নিবন্ধিত হচ্ছে। শেয়ার পাওয়ার জন্য বিপুল পরিমাণ আবেদন পড়েছে। ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন এটি। সূত্র জানায়, জমা পড়া আবেদনের মধ্যে শেয়ার বিতরণ করার জন্য আগামী ৩ মার্চ লটারি অনুষ্ঠিত হবে। নিয়ন্ত্রণকারী সংস্থার তত্ত্বাবধানে অনলাইনে এই লটারির আয়োজন করবে ব্যাংকটি। উল্লেখ্য, ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে গত বছরের ১৮ নভেম্বরে বিএসইসির অনুমোদন পায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
