স্টাফ রিপোর্টার, রাজশাহী
অটোচালকদের নিজস্ব সিদ্ধান্তে বাড়ানো ভাড়া স্থগিত করে রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়িয়ে ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার রাতে ঘোষণা প্রকাশের পর মঙ্গলবার থেকে বেড়েছে অটোরিকশার ভাড়া।
অটোরিকশার ভাড়া বাড়ার বিষয়টি নিশ্চিত করে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। যা মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। তিনি আরো বলেন, অটোরিকশা মালিক-চালকদের রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ হতে যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত ভাড়ার তালিকা সংগ্রহ করে অটোরিকশায় প্রদর্শন করতে হবে।
