বসুন্ধরার এক ম্যাচে ডাবল হ্যাটট্রিক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

কুমিল্লার ফুটবল দর্শকদের জন্য কালকের দিনটা ভালোই গেছে। শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে বসুন্ধরা-আরামবাগের খেলা দেখতে এসে গোল উত্সব দেখেছেন। ৯০ মিনিটের খেলায় ৭ গোল দেখা হয়েছে। বসুন্ধরা কিংস ৬-১ গোলে হারিয়েছে। এই ৬ গোল হচ্ছে দুই ফুটবলারের হ্যাটট্রিক। এক ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভা রবিনহো এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। এই দুই ফুটবলারই মূলত বসুন্ধরাকে টেনে নিচ্ছে। আগের ম্যাচ ঢাকায় শেখ জামালের বিপক্ষে নিশ্চিত হার হতে বেঁচে গিয়েছে বসুন্ধরা কিংস। গোল শূন্য ড্র হয়েছিল। কাল আবার জয় ফিরল। ম্যাচে বসুন্ধরা গোল করে এগিয়ে গেলেও আরামবাগের নিহাত জামান উচ্ছ্বাসের গোলে সমতা আনলেও এরপর আর আগাতে পারেনি। প্রথমার্ধে ৩-১ হলেও দ্বিতীয়ার্ধে প্রথম হ্যাটট্রিক করেন রাউল অস্কার বেসেরা দ্বিতীয়টি করেন রবসন সিলভা রবিনহো। এই দুই হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগে চারটি হ্যাটট্রিক হলো। সব কয়টি আরামবাগের বিপক্ষে। প্রথম হ্যাটট্রিক করেছিলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের নাইজেরিয়ান ফরোয়ার্ড অবি মনেকে। ৯ খেলায় ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আরামবাগের ৮ খেলায় ৮ হার।

আবাহনী হারাল সাইফকে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে প্রিমিয়ার লিগের খেলায় আবাহনী সাইফ স্পোর্টিং যতটা লড়াই হবে মনে করা হয়েছিল ততটা হয়নি। প্রথমার্ধ পর্যন্ত সাইফ আবাহনীকে ঠেকিয়ে রেখেছিল। দ্বিতীয়ার্ধে নেমেই আবাহনী ২-০ গোলে সাইফকে হারিয়ে আরো একটি জয় তুলে নেয়। ব্রাজিলিয়ান রাফায়েল এবং লালকার্ডের শাস্তি কাটিয়ে মাঠে ফেরা জুয়েল রানার ক্রস হতে হাইতিয়ান বেলফোর্ট গোল করেন। ম্যাচের শুরুতে সাইফের আরিফুর রহমানের শট ক্রসপিসের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় আবাহনী।

শেখ জামালের পয়েন্ট কেড়ে নিল বারিধারা

অঘটন ঘটিয়ে দিয়েছে উত্তর বারিধারা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-৩ গোলে উত্তর বারিধারার সঙ্গে প্রাণে বেঁচেছে। তা না হলে কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে হারের মালা নিয়ে মাঠ ছাড়তে হতো। শেখ জামাল নুরুল আবসারের গোলে এগিয়ে ছিল ৯ মিনিটে। ২৮ মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে সমতা আনে বারিধারা। ৪৫ মিনিটে আবার সুমন রেজার গোলে এগিয়ে যায় বারিধারা। ৭০ মিনিটে পাপনের গোলে আরো এগিয়ে যায় বারিধারা ৩-১। পিছিয়ে থাকা শেখ জামালকে উদ্ধার করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে, ৭৩ এবং ৯০ মিনিটে দুই গোল করে হার থেকে বাঁচিয়েছেন ৩-৩।