আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মা সেতুর সম্পূর্ণ কাজ ২০২২ সালের জুনের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মূল সেতুর নির্মাণকাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। আর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ শতাংশ। গতকাল মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। এই সেতুর নির্মাণকাজ শেষ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। আগামীর চ্যালেঞ্জ কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দুইটি চ্যালেঞ্জ আছে, প্রথমটি হচ্ছে—সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত—বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন-২০২১, ২০৪১ ও ডেলটা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।’
