আম্মানে চলাচল করবে এমিরেটসের এ৩৮০ এয়ারবাস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১৯

আগামী পহেলা জুন থেকে ২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত দুবাই-আম্মান রুটে তাদের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে এমিরেটস এয়ারলাইন । বর্তমানে এই রুটে পরিচালিত দৈনিক ৩টি ফ্লাইটের একটি উক্ত বৃহদাকার উড়োজাহাজের সাহায্যে পরিচালিত হবে। দ্বিতল উড়োজাহাজটির দ্বিতীয় তলায় অবস্থিত প্রথম শ্রেণিতে ১৪টি ব্যক্তিগত স্যুইট এবং বিজনেস শ্রেণিতে ৭৬টি ফ্ল্যাট-বেড আসন ছাড়াও নিচের তলায় অবস্থিত ইকোনমি শ্রেণিতে ৪২৭টি আসন থাকবে। বিলাসবহুল ও উদ্ভাবনী সেবার জন্য বিখ্যাত উড়োজাহাজটির প্রথম শ্রেণির যাত্রীদের জন্য অনবোর্ড শাওয়ার স্পা এবং প্রথম ও বিজনেস শ্রেণি যাত্রীদের জন্য অনবোর্ড লাউঞ্জ সুবিধা রয়েছে। অনবোর্ড লাউঞ্জে ব্যবসায়িক আলোচনার পাশাপাশি যাত্রীরা সৌজন্যমূলক পানীয় ও ক্যানাপিসহ বিভিন্ন খাবার উপভোগ করতে পারেন। সকল শ্রেণির যাত্রীদের জন্য চার হাজারটির অধিক চ্যানেলে বিভিন্ন ছায়াছবি, টিভি শো, গেমস্, লাইভ টিভিসহ অন্যান্য বিনোদন আইটেম রয়েছে।

বিশ্বের সর্ববৃহত্ এ৩৮০ বহরের অধিকারী এমিরেটসের বর্তমানে এই জাতীয় ১০৯টি উড়োজাহাজ রয়েছে এবং অর্ডার বুকে রয়েছে আরও ৫৩টি। ২০১৯-২০২০ অর্থ বছরে এমিরেটস আরও ৬টি নতুন এ৩৮০ উড়োজাহাজের ডেলিভারি গ্রহণ করবে।  -প্রেস বিজ্ঞপ্তি