কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের ‘সমলয়ে’ চাষাবাদ নামের নতুন ধারণার বোরো চাষবাস শুরু হয়েছে সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। কৃষি বিভাগ জানায়, নতুন এই পদ্ধতির বোরো চাষ দেশের প্রতিটি জেলার একটি উপজেলাকে বাছাই করে শুরু হয়েছে। ‘সমলয়’ পদ্ধতি হচ্ছে—সমানভাবে যন্ত্রের মাধ্যমে হাল চাষ, চারা রোপণ, সেচ প্রদান, ধানকাটা, মাড়াই শেষ করে ধান ঘরে তোলা হবে। প্রকল্পের আওতায় ৫০ একর জমিতে সার, বীজ ও যন্ত্রের সম্পূর্ণ জোগান দেবে সরকার। এই কর্মসূচি বাস্তবায়িত হলে বিঘাপ্রতি ২৬ মণ ধান কৃষকের গোলায় উঠবে।
সমলয়ে চাষবাসের মূল উদ্দেশ্য হচ্ছে : বোরো ফসল উত্পাদনে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, শ্রমিক ও উত্পাদন খরচ কমানো, বোরো চাষে আধুনিক কলাকৌশল সম্পর্কে ধারণা লাভ, কৃষকদের মধ্যে সমবায়ী মনোভাব গড়ে তোলা এবং স্বল্পসময়ে বোরো ফসল রোপণ ও কর্তন। এ পদ্ধতিতে ট্রেতে ধানের চারা উত্পাদন করা হয়। পরে ট্রান্সপ্ল্যান্টের সাহায্যে রোপণ এবং কর্তন করা হবে।
সিলেট জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামে ৫০ একর জমিতে এবার বোরো চাষের জন্য মোট সাড়ে চার হাজার ট্রেতে হাইব্রিড টিয়া জাতের চারা করা হয়। এই প্রকল্পে ৬৮ জন কৃষক অংশ নিয়েছেন। বিভিন্ন ধরনের সারসহ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ২১ হাজার টাকা।
