বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট কাদের মির্জা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্র ও উন্মাদ-বেসামাল বলে দাবি করেছেন ফেনীর তিন জনপ্রতিনিধি।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কাদের মির্জার মিথ্যাচারের বিরুদ্ধে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল      ইসলাম স্বপন মিয়াজী।

লিখিত বক্তব্যে লিপটন বলেন, তারেক জিয়ার সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মিথ্যাচার করছেন আব্দুল কাদের মির্জা। তারেক রহমান কাদের মির্জাকে আশ্বাস দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী করা হবে। সেই আশ্বাসের কারণেই তিনি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

তিনি আরো বলেন, ‘টেন্ডারবাজ, সিএনজির টোল আদায়কারী, বাস-ট্রাক থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্মের হোতা কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ ক্ষুণ্ন করার জন্য আবোল-তাবোল বক্তব্য শুরু করলে বিষয়টি আমাদের অনুভূতিতে আঘাত হানে। এ কারণে আমরা তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছি। কাদের মির্জার সন্ত্রাসের শিকার হয়ে আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে এবং ছাড়তে হয়েছে ঘরবাড়ি।’

সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা বলেন, ‘আমরা কাদের মির্জাকে জানিয়ে দিতে চাই, আপনি সহজ পথে ফিরে আসুন। মিথ্যাচার থেকে সরে এসে সুস্থ ও সুন্দর রাজনীতিতে ফিরে আসুন।’

জনপ্রতিনিধিরা আরো বলেন, কাদের মির্জা ও তার ছেলে মিলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি  হোটেলে বৈঠক করেন। সেখানে তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।