বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী ফিলিপাইন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ ক্রয় করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। এছাড়া দেশটি বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিসেন্তিও টি বান্দিলো তার সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ফিলিপাইনে বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ৭০ লাখ ডলারের ওষুধ রপ্তানি করে। তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজসহ কিছু পণ্য রপ্তানি করে আসছে। তবে ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুব বেশি না থাকলেও উভয় দেশের বাণিজ্য বাড়ার সুযোগ রয়েছে। বিশেষত ওষুধ খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।

সেবাখাতে ফিলিপাইনের কিছু জনবল বাংলাদেশে কাজ করছে। সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইন বিনিয়োগ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ ফিলিপাইনে ৪ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি করেছে ৮০ লাখ ডলারের পণ্য। উভয় দেশ বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।