আলজাজিরার সংবাদ দেশের মানুষ বিশ্বাস করেনি :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা যে সংবাদ প্রকাশ করেছে, দেশের মানুষ কেউ তা বিশ্বাস করেনি। যে ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, এগুলো বাস্তবসম্মত নয়। এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি প্রথম দিনই বলেছি একটা ‘ষড়যন্ত্র’ নিয়ে তারা কাজ করছে। যেসব তথ্য তারা দিয়েছে, এগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। গোপনে ফোনে কে কী বলল সেটা প্রচার করা সাংবাদিকতার কর্ম নয়। আমি মনে করি, বাংলাদেশ এসব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়েছে। আলজাজিরা যা প্রকাশ করেছে, এই দেশের মানুষ তা বিশ্বাস করেনি। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন এগুলো বাস্তবসম্মত নয়।

এসবের উদ্দেশ্য কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন অতীতেও আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা চক্র অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা করেছে। নতুন করে গুজব রটিয়ে অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি করা আর একটি ষড়যন্ত্র। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়। তাকে একের পর এক নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে হয়েছে। এখন মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কি-না, সেজন্যই এই চেষ্টা। আমাদের সেনাপ্রধান যা বলেছেন তা যথার্থই বলেছেন।

এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনিই এ বিষয়ে সবকিছু বলবেন।