রাজধানীতে চার দিনের ইয়ার্ন ও ফেব্রিকের প্রদর্শনী শুরু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

ঢাকায় চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক প্রদর্শনীর (উইন্টার এডিশন) ১৫তম আসর গতকাল বুধবার শুরু হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। একই ভেন্যুতে ডাই + ক্যাম বাংলাদেশ এক্সপো এবং ‘ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ শুরু হয়েছে। প্রদর্শনীতে বিশ্বের ২২টি দেশের ৩৭০ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল তৈরির অত্যাধুনিক প্রযুক্তি, সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি এবং অন্যান্য মেশিনারিজের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। আগামী শনিবার এ প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে সেমস গ্লোবাল ও চীনের সিসিপিআইটি টেক্স। সেমস গ্লোবালের এমডি মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মুনসুর আহমেদ, সিসিপিআইটি টেক্সের  পরিচালক সেন জেন প্রমুখ।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবিগুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। নিজের দীর্ঘদিনের ব্যবসায়ীক ক্যারিয়ার ও সরকারের সঙ্গে দেন-দরবারের বিষয়টি স্মরণ করিয়ে তিনি বলেন, আজকে এদিকে আছি বলে (বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব), আমি আমার সুরটা পাল্টাব না। আমি আপনাদের মতো করেই দেশের শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেভাবে আপনাদের সঙ্গে থাকব, কাজ করব।

তিনি বলেন, শিল্পখাতে আমাদের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশ। আমি আজ বাণিজ্যমন্ত্রী হয়েছি। কিন্তু ২৫ বছরের বেশি উল্টো টেবিলে বসেছি। দাবি-দাওয়া যা কিছু আছে তা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।  দেশের গার্মেন্টস খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সাল নাগাদ গার্মেন্টস রপ্তানি ১০ হাজার কোটি ডলারে (১শ’ বিলিয়ন) উন্নীত করা সম্ভব।