যশোরে প্রচারকালে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় কাউন্সিলর প্রার্থীর কর্মী খুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

যশোরে নির্বাচনি প্রচারণাকালে কাউন্সিলর প্রার্থীর এক কর্মী খুন হয়েছেন। মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কর্মী পারভেজ হোসেন (৩২) সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে ও শহরের ঘোপ ধানপট্টি এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে প্রচারণায় নামেন। তার সঙ্গে ছিলেন কর্মী পারভেজ, রহিম, রাসেলসহ সাত-আট জন। তারা ঘোপ সেন্ট্রাল রোড বউবাজারের আনোয়ারের বাড়ির সামনে পৌঁছালে মুখোশ পরা চার-পাঁচ সন্ত্রাসী পিছন দিক থেকে এসে পারভেজকে ছুরিকাঘাত করে। এ সময় পারভেজ মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পাশেই তছলিমের বাড়িতে চলে যান। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক আব্দুর রউফ তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রাসেল নামে এক জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।