নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এক বৃদ্ধকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। বিবদমান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে। গত সোমবার রাতে গৌরনগর গ্রামে কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গৌরনগর গ্রামের মৃত তালেব আলীর ছেলে মিলন সরদার (৮০)। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ কয়েক জন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মিলন সরদারের চোখ উপড়ে ফেলা হয় এবং জিহ্বা কেটে ফেলাসহ সব মুখমণ্ডল থেঁতলে দেয় প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। আহত হয় প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, তুচ্ছ বিষয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। গ্রামে শতাধিক পুুলিশ মোতায়েন করা হয়েছে। তিন জনকে আটক করা হয়েছে।
