জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব। বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে প্রশাসন বাধা দিচ্ছে না। যার কারণে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে, যাতে অপশক্তির উত্থান ঘটার আশঙ্কা রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার তার বনানী কার্যালয় মিলনায়তনে ‘পল্লিবন্ধু পদক-২০২১’ বাস্তবায়ন পরিষদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, কখনো কখনো অপশক্তির উত্থান অধিকার বঞ্চিত সাধারণ মানুষের সমর্থন পায়, যা কখনোই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা হতে পারে না। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংশ্লিষ্টদের আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জাপার রাজনীতি।
‘পল্লিবন্ধু পদক-২০২১’ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন ও শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
