আজ শুরু ব্রিসবেন টেস্ট
স্পোর্টস রিপোর্টার
ব্রিসবেন টেস্টের শ্রীলঙ্কা দল অনুপ্রেরণা পাচ্ছে ভারতের কাছ থেকে। ক’দিন আগে বিরাট কোহলির দল অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করে। এর আগে কোনো এশিয়ান দল এই কীর্তি গড়তে পারেনি।
ভারতকে অনুসরণের কথা জানিয়ে শ্রীলঙ্কার বোলিং কোচ রমেশ রত্নায়েকে বলেন, ‘ভারত আমাদের এশিয়ার দলগুলোর জন্য নতুন একটা দরজা খুলে দিয়েছে। আমাদের সবারই উচিত ভারতের ফর্মুলা অনুসরণ করা। ভারত অবশ্য তিন বিভাগেই শক্ত একটা দল। ওদের ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং— সব বিভাগই খুবই শক্তিশালী। সেই শক্তিমত্তার প্রভাবটা দেখা গেছে খেলার মাঠে। আশা করি ওদের অনুসরণ করে আমরা একটা ভালো ফলাফল আদায় করে নিতে পারবো।’
আজ মাঠে গড়াচ্ছে ব্রিসবেন টেস্ট। গ্যাবায় দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। নিজেদের রীতি মেনে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছেন অধিনায়ক টিম পেইন। অভিষেক হতে যাচ্ছে কার্টিস প্যাটারসন ও ঝাই রিচার্ডসনের। এর অর্থ হলো একাদশের বাইরে থাকবেন উইল পুকোভস্কি, ম্যাট র্যানশো ও পিটার সিডল।
২০১১ সালে শেফিল্ড শিল্ডে নিজের অভিষেকেই সেঞ্চুরি করে আলোচনার ঝড় তুলেছিলেন প্যাটারসন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি পরপর দুই ইনিংসে অপরাজিত সেঞ্চুরি (১৫৭* ও ১০২*) করে টেস্ট দলে ডাক পান। এবার তার বহুল প্রতিক্ষিত টেস্ট অভিষেকও হতে চলেছে। এর বাদে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের এবারের মৌসুমে তিনি করেছেন ৪২৬ রান। ছয় ম্যাচ খেলে করেছেন একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।
অন্যদিকে পেসার ঝাই রিচার্ডসন এর আগেই সাতটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। পিটার সিডল ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে নি:সন্দেহে তাকে বাড়তি চাপ নিতে হবে। ২২ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ মৌসুমে ১০ ইনিংসে নিয়েছেন ২৭ টি উইকেট। গড়টাও দারুণ ১৯.০৩! পেস বোলিং বিভাগে তার সাথে আরো থাকছেন মিশেল স্টার্ক, প্যাট কামিন্স। ব্রিসবেনের উইকেট যথারীতি আজো পেস বান্ধব হওয়াটাই খুব স্বাভাবিক।
যদিও কোচ জাস্টিন ল্যাঙ্গার পেসারদের দিকে নয়, বরং ব্যাটসম্যানদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন। বিশেষ করে, একদিন আগেই অনুশীলনে তার কড়া মেজাজের আঁচটা টের পেয়েছেন দলের ব্যাটসম্যানরা। ব্রিসবেন টেস্টকে সামনে রেখে তিনি বলেন, ‘আমাদের সাম্প্রতিক সময়ে বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ হলো অধারাবাহিক ব্যাটিং। ব্যাটিং বিভাগের তাই নিজেদের শুধরে নেওয়ার কোনো বিকল্প নেই। টেস্ট ম্যাচ জিততে হলে আসলে সব বিভাগে নিজেদের উজাড় করে দিতে হয়। বোলিংয়ের মতো, তাই ব্যাটসম্যানদেরও নিজেদের সেরাটাই দিতে হবে।’
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: মার্কাস হ্যারিস, জো বার্নস, উসমান খাঁজা, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, কার্টিস প্যাটারসন, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, নাথান লিঁও।
