বগুড়ার সারিয়াকান্দিতে কলেজছাত্র খুন, ছাত্রলীগ নেতাসহ আটক ৫

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৭:২৭

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নৃশংসভাবে খুন হয়েছে। শুক্রবার সকালে সারিয়াকান্দি বাজারের পূর্বপাশ থেকে পুলিশ ওই যুবকের গলাকাটা ও পোড়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবণ বিষুসহ ছয়জনকে আটক করেছে।

নিহত কলেজছাত্র গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নড়িয়া গ্রামের ইনতেজ সোনারের ছেলে। সে বগুড়ার বিট পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের শেষবর্ষের ছাত্র।

নিহতের মা নাজমা বেগম বলেন, বৃহস্পতিবার নাঈম বাড়িতে সকালের নাস্তা করছিল। এ সময় তার মোবাইলে বন্ধুদের ফোন আসতে থাকে। কলেজে যাওয়ার কথা বলে সে তড়িঘড়ি করে  মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।

রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। গভীর রাতে কয়েকজন বন্ধু নাঈমের মায়ের সঙ্গে দেখা করে। এ সময় তারা মাকে আশ্বস্ত করে বলেন, আপনার ছেলে সারিয়াকান্দিতে আছে, সকালে বাড়ি ফিরবে, টাকা দেন ওকে আমরা খোঁজাখুঁজি করি।

এদিকে শুক্রবার সকালে স্থানীয় লোকজন সারিয়াকান্দি বাজারের পূর্বপাশে একটি গোয়াল ঘরের কাছে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ দেখতে পায়। লাশ যাতে কেউ চিনতে না পারে সেজন্য পলিথিন দিয়ে তার মুখে ও শরীরের অংশে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

খবর পেয়ে নাঈমের মা ওই কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে থানায় ছেলের লাশ শনাক্ত করেন। তৎক্ষণিকভাবে নাঈমের মা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার বন্ধুদের অভিযুক্ত করলে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো, বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্লার ছেলে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. অনন্ত শ্রাবণ ওরফে বিষু (২০), ধুনট উপজেলার গোলাইর তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনির হোসেন (২০), ভেলাবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে বাবু মিয়া (১৯), বাড়ইপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান (১৮)  ও সাব্বির হোসেন (১৮)। 

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু