ক্রিকেটের দীর্ঘস্থায়ী ফরম্যাট, টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। বুধবার ইন্সটাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন এই ৩৬ বছর বয়সী। সামনের দুই বছরে অনুষ্ঠিতব্য দুটি টি-২০ বিশ্বকাপকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই প্রোটিয়া।
করোনার প্রাদুর্ভাবের জন্য সবেই অস্ট্রেলিয়া সিরিজকে স্থগিত করলো ক্রিকেট সাউথ আফ্রিকা। যার মানে হচ্ছে, চলতি মৌসুমে আর লাল বলের ক্রিকেট খেলতে হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। আর এদিকে কড়া নাড়ছে একের পর এক টি-২০ বিশ্বকাপ। তাই এখনই লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেয়াটা উপযুক্ত মনে করলেন সামনের জুলাইয়ে ৩৭-এ পা রাখতে যাওয়া ডু প্লেসি।
টেস্টে ডু প্লেসির অভিষেক হয়েছিল ২০১২ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডেলেডে। অভিষেক টেস্টেই চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছিলেন। সেখান থেকে গত নয় বছরে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করেছেন ৬৯টি টেস্টে।
নিজের সুদীর্ঘ টেস্ট ক্যারিয়ার নিয়ে গর্বিত ডু প্লেসি তার বিদায়ী বিবৃতিতে বলেন, '১৫ বছর আগে যদি কেউ আমাকে বলতো, আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলবো এবং দলকে নেতৃত্বও দিবো, আমি বিশ্বাস করতাম না। আশীর্বাদে ভরা এক টেস্ট ক্যারিয়ারের প্রতি পূর্ণ কৃতজ্ঞতা রেখে আমি ইতি টানছি।'
সামনের ২০ মাসে অনুষ্ঠিতব্য দুটি টি-২০ বিশ্বকাপে মনোযোগ দিতেই আগেভাগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন, বিবৃতিতে এই ইঙ্গিতও দিলেন ডু প্লেসি। টি-২০ ফরম্যাটে দেশকে এখনো অনেক কিছু দেয়ার আছে তার, এবং সাদা বলের ক্রিকেটে এই ফরম্যাটকেই এখন থেকে প্রাধান্য দিবেন বলেও জানিয়েছে এই প্রোটিয়া।
ইত্তেফাক/এসআই
