সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘনায় আহত হয়েছেন অপর এক জন। আশাশুনি উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের মহেশ্বরকাটি বরফকল ও দেবহাটা উপজেলার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকটির বিসমিল্লাহ ব্রিকসের সামনে এ দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশাশুনির আনুলিয়া গ্রামের বাবুর আলী গাজীর ছেলে উকিল গাজী (৪০) ও সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত আজিজুল কারিগরের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মোজাম কারিকর (৫৫)। আশাশুনি থানার ওসি গোলাম কবির ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা পৃথকভাবে দুই সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে বুধবার ভোরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় তুহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুহিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মো. বেলালের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, হরিণাকুণ্ডুতে বুধবার সকালে বাসের চাকায় পিষ্ট এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাতুল হোসেন (২০)। সে উপজেলার নতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের কাঁপাশহাটিয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রান্ত নামে আরো যুবক আহত হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছে।
