আজ আসছে আয়ারল্যান্ড উলভস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ইমার্জিং দলের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে আজ সকালে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে আইরিশরা। ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে চলে যাবে দলটি।

সূচি অনুযায়ী বন্দরনগরীতে নেমে ১৯-২১ ফেব্রুয়ারি টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে আইরিশ দল। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ একমাত্র চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। পরে একই ভেন্যুতে ৫, ৭ ও ৯ মার্চ সিরিজের প্রথম তিন ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। তাতেই শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা।

পরে ১০ মার্চ দুই দল ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২, ১৪ মার্চ সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। মিরপুরে দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ১৮ মার্চ। সিরিজ শেষে ১৯ মার্চ ঢাকা ছাড়বে আইরিশ দলটি।