কাতারভিত্তিক আন্তর্জাতিক টিভি চ্যানেল আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে সম্প্রচারিত ডকুমেন্টারিটি ইউটিউব, ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফরম থেকে অবিলম্বে অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে পহেলা ফেব্রুয়ারি থেকে প্রচারিত ঐ ডকুমেন্টারিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিটিআরসিসহ রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান কালক্ষেপণ করেছে তাতে উষ্মা প্রকাশ করেছে আদালত।
হাইকোর্ট বলেছে, ঐ ডকুমেন্টারির মাধ্যমে কীভাবে রিট আবেদনকারীর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। শুনানিতে প্রতীয়মান হয়েছে, আবেদনকারী ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ নন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল ও বিটিআরসির আইনজীবীর বক্তব্য থেকে এ বিষয়টি স্পষ্ট, যে কোনো আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কনটেন্ট কোনো একটি দেশের গণতান্ত্রিক সরকারের সম্মান ও মর্যাদায় আঘাত করলে সে বিষয়ে বিটিআরসি পদক্ষেপ নিতে পারে। ফলে আদালত এই ক্ষেত্রে তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই আদেশ দিল।
আদেশের পর বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ইত্তেফাককে বলেন, বাংলাদেশকে নিয়ে আলজাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে বিটিআরসি টেলিফোন ও ইমেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু হাইকোর্ট এই কনটেন্ট সরোনোর নির্দেশনা দিয়েছে, সেই প্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।
গত পহেলা ফেব্রুয়ারি আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে একটি ডকুমেন্টারি প্রচার করা হয়। ঐ ডকুমেন্টারির বিষয়বস্তু অসত্য ও বানোয়াট উল্লেখ করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে প্রতিবাদ জানানো হয়। পরে আলজাজিরার সম্প্রচার বন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডকুমেন্টারি অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী এনামুল কবির ইমন। এই রিট মামলায় ছয়জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদের অধিকাংশই রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব ছাড়াও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
