ভোজ্য তেলের দাম বেঁধে দিল সরকার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৪

অবশেষে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিল সরকার। এখন থেকে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ১১৫ টাকা ও বোতলজাত সয়াবিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া পাম অয়েল বিক্রি হবে ১০৪ টাকা লিটার। গতকাল বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, এখন থেকে কমিটি নির্ধারিত দরে বাজারে ভোজ্য তেল বিক্রি হবে। খুচরা পর্যায়ের পাশাপাশি মিলগেট ও পরিবেশক পর্যায়েও ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। মিলগেটে প্রতি লিটার খোলা সয়াবিন ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর মিলগেটে পাম সুপার ৯৫ টাকা, পরিবেশক ৯৮ টাকা এবং খুচরা ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলগেটে ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরায় ১৩৫ টাকা আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন মিলগেটে ৫৯০ টাকা। পরিবেশক মূল্য ৬১০ টাকা আর খুচরায় ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আলবেরুনী, এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত প্রায় দুই মাস ধরে দেশে ভোজ্য তেলের বাজার অস্থির। লাগামহীনভাবে বাড়ছে রান্নার অতি নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। তবে ব্যবসায়ীরা এজন্য আন্তর্জাতিক বাজারকেই দায়ী করেছেন। এখন ভোজ্য তেলের দাম নির্ধারণের মধ্যে দিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।