নড়াইলে পৃথক দুটি মানহানি মামলা

খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের সদর আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা।

মামলার বিবরণে অভিযোগকারী শেখ আশিক বিল্লাহ উল্লেখ করেন, গত ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। পরদিন এ বিষয়টি তিনি ও মামলার সাক্ষীরা বিভিন্ন পত্রিকায় পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং তাদের ১ কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়া একই ব্যক্তি বাদী হয়ে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ২৯ ডিসেম্বর একই আদালতে মামলা দায়ের করেন। মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক আমাতুল মোর্শেদা।