স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে, তাদের টিকা দেওয়া হচ্ছে। এই বয়সসীমা আর কমানো হবে না। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ের ক্লিনিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের এ কথা জানান।
টিকার দ্বিতীয় চালান কবে আসবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যসচিব বলেন, ‘আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন, আট সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন।’ তিনি বলেন, ‘আমাদের যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে, তারা সহজে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন যে এটা এন্টিবডি হতে আমাদের আরেকটু সময় বেশি লাগবে। এর অর্থ হলো, চার সপ্তাহ আগে ছিল, এখন আমরা আট সপ্তাহ করে দিয়েছি। এতে কিন্তু আমরা বিরাট একটি গ্যাপ পাচ্ছি।’ তিনি বলেন, ‘প্রথম সারির যোদ্ধাসহ চল্লিশোর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সবকিছু সুমৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।’
