আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৭

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শাওন (২৩) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

তার বন্ধু সঞ্জয় গাঙ্গুলি জানান, আজাহার শাওন আশুলিয়ার একটি কারখানায় চলতি মাসের ১ তারিখে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার রাতে কাজ শেষে তিনি মোটরসাইকেলযোগে রাজধানীর উত্তরায় বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়াউল ইসলাম জানান, নিহত শাওনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি চিহ্নিত করে চালককে আটকের চেষ্টা চলছে।