রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে। চার সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সে বেইলি রোডে ছয়তলা কোয়ার্টারে থাকতেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করতেন নবী হোসেন।
নবী হোসেনের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, নবী হোসেনসহ আরও একজন কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় ঝাড়ু দিচ্ছিল। তখন একটি দ্রুতগামীর মাইক্রোবাস নবী হোসেনকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
ইত্তেফাক/এএএম
