অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৪১জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।
আটকদের মধ্যে রয়েছে ৮ জন শিশু, ১০ জন নারী ও ২৩ জন পুরুষ। আটককৃতরা জানায়, তাদের বাড়ী নড়াইল, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে শিশুসহ নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা এ সীমান্ত দুটিতে অভিযান চালায়। এ সময় ৮ জন শিশু, ১০জন নারী এবং ২৩ জন পুরুষকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা দালালরা।
বিজিবির হাতে আটক নারী-পুরুষরা জানান, ভারতের মোম্বাই, কোলকাতা ও নদীয়া শহরে বিভিন্ন বাসা বাড়ি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত তারা।
অপর একটি অভিযানে বিজিবি সদস্যরা বেনাপোল সাদীপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ হুণ্ডির টাকা জব্দ করেছে। জব্দকৃত হুণ্ডির টাকা বন্দর থানায় জমা দিয়ে আটক শিশুসহ নারী-পুরুষদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
