অস্ট্রেলিয়ায় খবর প্রচার বন্ধ করে দিয়েছে ফেসবুক। এতে করে বিপাকে পড়েছেন দেশটির বহু মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সরকারি দপ্তরগুলো। তারা জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদ দেখা, পড়া বা শেয়ার করতে পারছেন না। বুধবার থেকে অস্ট্রেলিয়ায় ফেসবুকে খবর বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগ কোভিড পরিস্থিতির আপডেট ফেসবুক পেজে দিত। বুধবার থেকে তা বন্ধ হয়ে গিয়েছে। সরকারি দমকল বিভাগের বুশ ফায়ার সংক্রান্ত খবরও বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সংবাদমাধ্যমও ফেসবুক পেজের মাধ্যমে তাদের খবর প্রচার করতে পারছে না। রয়টার্স জানিয়েছে, সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা দেখেন যে, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেনট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেজও তারা খবর দেখতে পারছেন না। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে বিরোধ চলছে ফেসবুক ও গুগলের। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে একটি আইন পাশ হয়। যাতে বলা হয়, সংবাদ কনটেনটের জন্য দেশটির প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল ও ফেসবুক। আর এতেই অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত হয় ফেসবুক ও গুগলের। তারা বলছে, এই আইন তাদের পক্ষে মানা সম্ভব নয়।
