কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

কিশোরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছোটন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়। বুধবার কিশোরগঞ্জ ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছোটন মিয়া নেত্রকোনার মদন উপজেলার ঘাটুয়া পশ্চিমপাড়ার আবদুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ছোটন মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী হাফসা খাতুনকে মারধর করতেন। ২০০৫ সালে ৭ হাজার টাকা যৌতুক দাবি করেন। বাবারবাড়ি থেকে তা এনে দিতে না পারায় স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেন। ঐ বছরের ২৪ মে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বরশীকূড়া এলাকায় বালুচর থেকে হাফসার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর ২৬ মে নিহত হাফসার বড় ভাই তমজিদ বাদী হয়ে ছোটন মিয়া ও তার পরিবারের সদস্যদের আসামি করে ইটনা থানায় মামলা করেন।