সমালোচকরাই এখন আগেভাগে টিকা নিচ্ছেন :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছেন এখন তারাই আগেভাগে টিকা নিচ্ছেন। তিনি বলেন, ‘এই টিকা প্রমাণ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কতখানি দূরদর্শী সম্পন্ন। এটিই সরকারের সফলতা, কষ্টের স্বীকৃতি। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন শেষে এবং জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের টিকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সুরক্ষা অ্যাপ’ উদ্বোধনের ফলে চলমান টিকাদান কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বর্তমানে ১ হাজার ৬টি কেন্দ্রে কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে। অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে টিকাদান কার্যক্রমের শুরুতে বিভিন্ন জোনভিত্তিক ভাগ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণলয়কে সহায়তা দিয়েছে। এখন সুরক্ষা অ্যাপ প্রস্তুত করে সেই সহায়তার হাত আরো প্রসারিত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।