একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ‘আমার ভাষা’ নামক একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম। এই সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়া, যাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহূত হয়। অনুবাদ সফটওয়্যারটিকে ২৬ নভেম্বর ২০১৯ থেকে ভারতের সুপ্রিম কোর্ট অনুবাদের জন্য এসইউভিএএস (সুপ্রিম কোর্ট বিধিক অনুবাদ সফটওয়্যার) হিসেবে ব্যবহার করার নির্দেশ দেয়।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার এবং ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘আমার ভাষা’ সফটওয়্যারটি নিয়ে একস্টেপ কর্তৃক নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।
