সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও আনিস আহমেদকে যাবজ্জীবন সাজা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আইনের কোনো লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বিকালে রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয়ের ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪০১ ধারার সব নিয়ম মেনেই দুই আসামিকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিদের পরিবারের পক্ষ থেকে যথাযথ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ‘লুকোচুরি’ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিছক কমিউনিকেশন গ্যাপ। এই ধারার বিষয়ে ইতিমধ্যে আইনমন্ত্রী সহজ বিশ্লেষণ দিয়েছেন। সেই জায়গা থেকে এ প্রশ্নের জবাব আপনারা আগেই পেয়েছেন। পলাতক এ দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গোপনীয়তা ছিল না। কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে। এটা ঠিক হয়ে যাবে।
আলজাজিরার বিরুদ্ধে মামলা এখনো পুলিশের কাছে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা এলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
