আপত্তিকর ভিডিও পাঠিয়ে ব্ল্র্যাকমেইলিং, প্রতারক যুবক গ্রেফতার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে রিফাত শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমের এক প্রতিবেশী পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে এ সংক্রান্ত অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

এআইজি বলেন, গত ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ থেকে এক ভদ্রলোক ফেসবুক পেজে একটি বার্তা পাঠান। ঐ বার্তায় তিনি জানান, তার পরিচিত এক মাদ্রাসাছাত্রী কিশোরী অনলাইনে সম্পর্কে জড়িয়ে আকাশের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। মেয়েটির সঙ্গে প্রেমের অভিনয় করে ও তাকে বিয়ের আশ্বাস দিয়ে অনলাইনেই মেয়েটির কিছু অপ্রীতিকর ছবি ও ভিডিও ধারণ করে আকাশ। পরে এ ছবি ও ভিডিও ব্যবহার করে নানাভাবে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে থাকে। হাতিয়ে নিতে থাকে টাকাপয়সা ও গয়না। এক পর্যায়ে  মেয়েটিকে বিয়ে দেয় পরিবার। কিন্তু মেয়েটির স্বামী ও আত্মীয়স্বজনের কাছে মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়েটি ভেঙে দেওয়া হয়। কিছুদিন পর মেয়েটিকে পুনরায় বিয়ে দেওয়া হলে একই কায়দায় বিয়েটি ভেঙে দেয় আকাশ।

সোহেল রানা আরো বলেন, বার্তাটি পাওয়ার সঙ্গেই সঙ্গেই মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স মেয়েটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ  ও তথ্যাদি সংগ্রহ করে। ঐ যুবককে শনাক্ত করে গ্রেফতার করতে বগুড়া পুলিশ সুপার  মো.আলী আশরাফ ভূঞাকে অনুরোধ করা হয়। অবশেষে গত বুধবার ভোরে আকাশকে বগুড়া থানার কলোনি চক ফরিদ মহল্লার একটি বাড়ি থেকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, সে দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করত। পরে তাদের সঙ্গে প্রেমের অজুহাতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং করে আসছিল। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে গোপালগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।