আদালতের আদেশ না মানায় ড. ইউনূসকে তলব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৬

গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৬ মার্চ তলব করেছেন হাইকোর্ট বিভাগ। ঐদিন অনুষ্ঠেয় ভার্চুয়াল শুনানিতে তাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ বিষয়ে নওরোজ মো. রাসেল চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত নোটিশে ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়। ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।