৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকারে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। এছাড়া পিএসসি কন্ট্রোল রুমের জন্য আরো ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আসন বিন্যাস হবে ইংরেজি অক্ষর ‘জেড’ আকৃতির মতো। অর্থাত্, সামনের বেঞ্চে পরীক্ষার্থী বাম পাশে বসলে পেছনের বেঞ্চে ডান পাশে বসবেন। একইভাবে পরের বেঞ্চে আসন বিন্যাস হবে। এছাড়া শিক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, একই পদ্ধতিতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। আর ৪৩তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। ঐ সময় পরিস্থিতি আরো ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএসে (বিশেষ) এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।
প্রিলিমিনারিতে মেডিক্যাল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। ৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হবে।
