সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর আল-আমিন গার্মেন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা ১০/১২ জন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর আল-আমিন মসজিদ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে। এসময় পুলিশ ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ৩ জনকে আটক করে। পরে তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। পুলিশ ডাকাত দলের দেয়া তথ্য অনুযায়ী লেগুনা গাড়ি থেকে ১টি চাপাতি এবং ২টি ছুরি উদ্ধার করে। আটককৃতরা হলো মোঃ নাজমুল (২৪) মনির হোসেন (২৩) এবং আবু বাসার ওরফে জনি (১৫)। নাজমুলের নামে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ৭টি এবং রূপগঞ্জ থানায় ১টি এবং মনিরের নামে নারায়ণগঞ্জের সদর এবং ফতুল্লা থানায় ৩টি মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি কালে তিনটি দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
